আবুল কালাম আজাদ

কে গড়বে এ সমাজ? — আবুল কালাম আজাদ-এর স্বরচিত কবিতা


কে গড়বে এ সমাজ?  

-আবুল কালাম আজাদ 


বইটি টেবিলে রেখে 

দশম শ্রেণির প্রবীর  যখন 

বাইক নিয়ে উড়াল দেয় 

অন্ধকার গলির  শেষ মাথায় 

আর গভীর রজনীতে 

বাড়িতে ফিরে নিঃশব্দে 

চোখ দুটো লাল করে 

নেশায় বুদবুদ হয়ে!


একাদশের প্রভাতী যখন 

রাত কাটিয়ে দেয় 

মোবাইলটা হাতে নিয়ে 

স্ক্রলিংয়ের টর্নেডো বয়ে যায় 

হাতের কোমল ছোঁয়ায়! 


সময়ের  মূল্য যেন 

শুধু বইয়ের পাতায় 

প্রভাতীর কাছে তা 

ধূলিকণার মত মূল্যহীন! 

সম্ভাবনাময় তরুণীর  চোখে নেই তারুণ্য 

নেই বড় হওয়ার স্বপ্ন! 


আমাদের প্রবীর  ও প্রভাতীরা 

যেন অকালে ঝরে পড়া 

‘সবুজ’ পাতা! 

জীবন গড়ার আগেই 

  ধ্বংসের দ্বারপ্রান্তে! 


প্রতিদিন প্রতিরাতে 

কত মা যে  কাঁদেন

তার প্রিয় সন্তানের 

মলিন মুখের দিকে তাকিয়ে

দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ক্ষণে ক্ষণে! 


আমাদের প্রবীর ও প্রভাতীরা 

যদি হারিয়ে যায় 

বিষাক্ত বাতাসের স্রোতে 

কে গড়বে এ  সমাজ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *