কবিতা: সেই সব দিনগুলো। আবুল কালাম আজাদ
পাল তোলা নৌকা ছুটে চলছে নদী বেয়ে
গাংচিল ডানা মেলে উঠছে
সাদা বকেরা বিলের মাঝে
খুঁজে চলছে পুঁটি মাছ।
মা আমার লাউয়ের ডগা কেটে
কৈ মাছ দিয়ে রান্না করে
প্রশ্ন করেন :
“রক্তের মত লাল শাক খাবি আজ?
সাথে আছে খেজুরের রসের পায়েস। “
শীতের সকালে খেজুরের গুড় দিয়ে
তাজা মোয়া খাওয়ার সে কি আনন্দ!
উত্তরের হিমেল হাওয়া
যখন শীতের আগমন ঘটায়
আমরা তখন ধানের খড় দিয়ে
আগুন জ্বালিয়ে শরীরকে গরম করি
পাড়ার বন্ধুরা মিলে
কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান
একবারও কেউ ভাবিনি কখনো
আমার দেশে এ এক স্বর্গীয় আনন্দ!
পড়ন্ত বিকেলে ছুটে গেছি
হলুদ সর্ষের খেতের পাশে
ধান কাটা জমিতে গোল্লাছুট খেলতে।
কখনো বা অামন ধানের খড়ের মধ্যে
খেলেছি লুকোচুরি সন্ধ্যার পরে
কখনোবা গভীর রাতে!
গ্রীষ্মের খরতাপে
আম গাছের ডালে উঠে বড় আমগুলো পেরে
কাঁচা মরিচের ভর্তা খেয়েছি দলে দলে।
মাঝে মাঝে আমের মালিকেরা ধাওয়া দিলে
মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যেতাম!
পরদিন দেখা হলে
আমাকে দেখিয়ে বলতেন :
“এমন ভদ্র ছেলে আর হয় না!”
তারপর পুকুর কিংবা নদীতে
ঘন্টার পর ঘন্টা
গোসলের নামে পানির সঙ্গে আলিঙ্গন
চোখ দুটো লাল করে তবে ফিরিছি বাড়িতে।
বর্ষায় নৌকা নিয়ে
চলে গেছি বহুদূরে
শাপলা আর শামুকের সমারোহে
ভরে গেছে নৌকার এপাশ-ওপাশ।
দূর দিগন্তের ছুটে চলা পাখি
নির্মল বাতাস আর মানুষের হাসি
কোথায় গেছে হারিয়ে?
প্রযুক্তির বিস্ফোরণে
প্রকৃতির ছোঁয়া থেকে বঞ্চিত
আত্মাহীন মানুষগুলো
সুখ আর আনন্দ থেকে
আজ কেন বহুদূরে?
