​জাতীয় ও সমসাময়িকস্থানীয় সংবাদ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গার্মেন্টস কর্মী তৌফিকের মৃত্যু

গাজীপুরে বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত তরুণ শ্রমিক তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মরহুম তবি খাঁর ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালে ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তৌফিক। বাবার আকস্মিক মৃত্যুর পর পরিবারের সংসারের হাল ধরতে পড়ালেখার পাশাপাশি কর্মজীবনে প্রবেশ করতে হয় তাঁকে। এক বন্ধুর সহযোগিতায় গাজীপুরের বাংলাবাজার এলাকার ‘লায়লা গার্মেন্টস’-এ কাজে যোগ দেন তিনি।

​ঘটনার বিবরণ:

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সোমবার (২ নভেম্বর) কর্মস্থলের কাছে শ্রমিকদের আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিজ্যুয়াল বা দৃশ্য ধারণ করার সময় কতিপয় দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হলে তিনি মারাত্মক আহত হন। উপস্থিত অন্যান্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

​উপজেলার প্রাক্তন শিক্ষকমণ্ডলী ও স্বজনদের ভাষ্যমতে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই তরুণের আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিহতের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং দাফনকাযের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *