ড. লুৎফুর রহমান আল-আজহারী

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শায়েখুল হাদীস আল্লামা নিয়াজ মাখদুম খোতানী (রহঃ)-এর সংক্ষিপ্ত জীবনী

​- ড. লুৎফুর রহমান আল আজহারী

উসতাজুল আসাতিজা শাইখুল হাদীস আল্লামা নিয়াজ মাখদূম খোতানী (রহঃ) ১৯১৭ খ্রিস্টাব্দের কোনো এক তারিখে মধ্য এশিয়ার রাশিয়া ও চীনের সীমান্তবর্তী অঞ্চল খোতানের সীংগাঙ নামক স্থানে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি মূলত ১৮৯৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। জীবনের প্রারম্ভিক সময়ে ইসলামের খেদমতে সময় অতিবাহিত না করায়, তিনি নিজেই তাঁর জীবন থেকে প্রথম ২০টি বছর বাদ দিয়ে উল্লেখ করতেন।

​নাম ও বংশ পরিচয়

​শায়খুল হাদিস আল্লামা নিয়াজ মাখদূম খোতানি (রহ.) চীনের পশ্চিম সীমান্তে সিং কিয়াং অঞ্চলের খোতান এলাকায় একটি প্রসিদ্ধ মুসলিম পরিবারে ১৮৯৭/১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শায়েখ মুহাম্মদ সিদ্দিক (রহঃ) ও পিতামহ শায়খ মুহাম্মদ (রহ.) ছিলেন সেই অঞ্চলের প্রখ্যাত ধর্মীয় নেতা।

​বাল্যকাল ও প্রাথমিক শিক্ষা

​আল্লামা নিয়াজ মাখদুম খোতানী (রহঃ)-এর বাল্যকাল ছিল অত্যন্ত কষ্টকর। তাঁর মাত্র পাঁচ বছর বয়সে পিতা এবং এর এক বছর পর মাতাও ইন্তেকাল করেন। এতিম খোতানি (র.) তখন তাঁর চাচা শায়খ মুহাম্মদ কাসেমের কাছে লালিত-পালিত হন। পরবর্তীতে তাঁর চাচা তাঁকে স্থানীয় খালাক মাদরাসায় ভর্তি করে দেন।

​নিয়াজ মিখদূম খোতানী (রহঃ) উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ বাড়ি থেকে ১৩ মাইল দূরে তৎকালীন শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহাসিক কাশগরে গমন করেন। সেখানে টানা সাত বছর অধ্যায়ন করে জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।

​দাম্পত্য জীবন ও হিজরত

​কাশগরের শিক্ষাজীবন সমাপ্তির পর আপন মামা শায়খ আহমদ খতীবের কন্যার সাথে তাঁর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পরপরই তিনি ইসলাম ও মাতৃভূমি রক্ষার্থে কমিউনিস্ট হায়েনাবিরোধী আন্দোলনে সেনাবাহিনীতে যোগ দেন। তৎকালীন সময়ে বাহিনী কমিউনিস্টদের সাথে টিকতে না পারায় আল্লামা নিয়াজ মাখদূম খোতানী (রহঃ) অলৌকিকভাবে আত্মরক্ষা করে ভারতের সাহারানপুরে হিজরত করেন।

​ভারতে আগমন ও হাদীসের দরস গ্রহণ

​হযরত নিয়াজ মাখদুম খোতানি (র.) নানা প্রতিকূলতা উপেক্ষা করে মুহাজির হিসেবে ১৯৩০ খ্রিস্টাব্দ (১৩৫৫ হিজরির ৮ শাওয়াল) উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাকেন্দ্র ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন।

​তাঁর প্রখর স্মৃতিশক্তির কারণে প্রতিটি জামাতে প্রথম স্থান অধিকার করে একজন মুমতাজ ছাত্র হিসেবে সুপরিচিত হন। দারে জাদিদ নামক ছাত্রাবাসের একটি কক্ষে তিনি একাই থাকতেন। দেওবন্দের তৎকালীন মুহতামিম ছিলেন হজরত মাওলানা কারি তৈয়্যেব (র.) এবং শায়খুল হাদিস ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানি (র.)।

​জ্ঞানের সাগর নিয়ায মাখদূম খোতানি (র.) ছিলেন তাফসির, হাদিস, ফিকহ, কালাম, আদব, ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান প্রভৃতি শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। এছাড়া ইলমে তাসাউফের উচ্চ পর্যায়ের একজন সাধকও ছিলেন তিনি।

​আল্লামা খোতানি (রহঃ)-এর সাথে তাঁর শিক্ষকদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি দেওবন্দে ১১ বছর অধ্যয়ন করে দাওরায়ে হাদিস এবং দাওরায়ে তাফসিরের সনদ অর্জন করেন। বিষয়ভিত্তিক অধ্যয়ন ছাড়াও তিনি বিশেষ গবেষণামূলক অতিরিক্ত কোর্স সম্পন্ন করেন, যার মধ্যে ফিকহ, কালাম, আদব, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন।

​বাংলাদেশে আগমন ও ছারছীনা মাদরাসায় যোগদান

​ব্রিটিশ ভারতের আইনি বেড়াজাল ডিঙিয়ে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সহায়তায় বরিশালের ছারছীনা মাদরাসায় যখন টাইটেল বা হাদীস বিভাগ খোলার উদ্যোগ নেয়া হয়, তখন উচ্চশিক্ষিত মুহাদ্দিসের প্রয়োজনীয়তা দেখা দেয়। ছারছীনা শরীফের মরহুম পীর শাহ সূফী নেছারুদ্দীন আহমদ (র.) খোতানী হুজুরকে আনার জন্য পত্র প্রেরণ করেন।

​এদিকে তৎকালীন কলকাতা আলিয়া মাদরাসার অধ্যাপক আল্লামা আব্দুর রহমান কাশগরী (র.) ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ঘনিষ্ঠ বন্ধু এবং আল্লামা খোতানী হুজুরের একান্ত প্রিয় ব্যক্তিত্ব। শেরে বাংলার অনুরোধক্রমে আল্লামা কাশগরী (র.) আল্লামা খোতানী হুজুরকে ছারছীনাতে আসার ব্যাপারে উৎসাহিত করেন। পরবর্তীতে মরহুম নেছার উদ্দীন (র.)-এর পত্র পেয়ে ভারতীয় আসাতেযায়ে কেরামও খোতানী হুজুরকে ছারছীনাতে আসার পরামর্শ দেন।

​ছারছীনা তখন অনুন্নত ও অস্বাস্থ্যকর একটি পল্লী অঞ্চল মাত্র ছিল। তবুও ইলমে হাদীসের খেদমতের মহান উদ্দেশ্যে খোতানের এই জ্ঞানের সেনাপতি ১৯৪৫ সালে ছারছীনা মাদরাসায় প্রধান মুহাদ্দিস পদে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত টানা ৪৫ বছর তিনি সেই পদেই অধিষ্ঠিত ছিলেন।

​প্রায় অর্ধ শতাব্দী ধরে উপমহাদেশে ছারছীনা মাদরাসার সুখ্যাতির অন্যতম মূল কারণ ছিলেন আল্লামা নিয়াজ মাখদুম খোতানী হুজুর (র.)। তিনি কতটা ব্যাপক জ্ঞানের অধিকারী ছিলেন, তা তাঁর সরাসরি সান্নিধ্য লাভ করা ব্যক্তিবর্গ ছাড়া অনুধাবন করা কঠিন। আল্লামা খোতানি হুজুর (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ অলি। দারুল উলুম দেওবন্দে তিনি আল্লামা হোসাইন আহমদ মাদানির (র.) হাতে বায়আত হন এবং পরবর্তীতে আল্লামা নেছারউদ্দীন (রহঃ)-এর হাতে তাজদিদী বায়আত হয়ে বেলায়েতের উচ্চ মাকাম লাভ করেন। শরীয়তের আহকামের প্রতি তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও অনুগামী।

​আল্লামা খোতানী (রহঃ)-এর উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ

​১. মাওলানা আ. ম. ম. আহাম্মদ উল্লাহ

২. মাওলানা রেজওয়ানুল করিম

৩. মাওলানা আব্দুর রব খান (রহঃ)

৪. মাওলানা আমজাদ হোসাইন (রহঃ)

৫. আল্লামা মোস্তফা হামিদী (রহঃ)

৬. ড. সৈয়দ শরাফত আলী

৭. মাওলানা আব্দুর রশিদ খান (রহঃ)

৮. মাওলানা ড. কাফিল উদ্দিন সরকার সালেহি

৯. মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ

১০. হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)

​ইন্তেকাল

​দীর্ঘদিন ইলমে হাদিসের খেদমত শেষে অসংখ্য ভক্ত-অনুরক্ত রেখে ১৯৮৬ সালের ২৯ অক্টোবর (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার আজিমপুর নতুন গোরস্থানে তাঁর মাজার শরীফ অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *